নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক স্ট্যাটাস

যারা আমাকে হত্যার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর হামলার শিকার হয়ে থানায় গিয়ে বিচার না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। উল্টো তার ওপর হামলাকারীদের জামিন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রবিবার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।


পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, হামলার সময় তার ওপর ডিম ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি হকস্টিক দিয়ে আঘাত করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা।


থানায় গিয়েও হয়রানির শিকার হয়েছেন উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে সেখানে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। রাতের অন্ধকারে হাজারো সন্ত্রাসী জড়ো করে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।


নাসীরুদ্দীন পাটওয়ারী আরও দাবি করেন, হাসপাতালে স্ট্রোক করে শয্যাশায়ী বাবার পাশ থেকে তার সন্তান অয়নকে ঘুমন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে। অন্যদিকে, যারা তার ওপর হামলা চালিয়েছে, শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হয়েছে।


ক্ষোভ প্রকাশ করে নিজের পোস্টে তিনি লেখেন, যদি এটাই হয় তোমাদের শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিকল্পনা, তবে সেখানে হয়তো ভেড়ার দল জায়গা খুঁজে পাবে; কিন্তু আমার মতো স্বাধীনচেতা মানুষের পক্ষে সেই অন্যায় ও ভয়ের রাজনীতির সঙ্গে পথ চলা সম্ভব নয়।


পোস্টের শেষাংশে তিনি সন্তান অয়নকে দ্রুত তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন