২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটানো সৌদি আরব আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। সেই ঐতিহাসিক জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে দলের গ্রীক কোচ জর্জিওস দনিস অভিজ্ঞ ও কাতার বিশ্বকাপের পরিচিত মুখগুলোর ওপরই আস্থা রেখেছেন।
দলের নতুন স্কোয়াডে জায়গা পেয়েছেন লুসাইলের সেই ম্যাচে গোল করা সালেহ আল শেহরি ও সালেম আল দাওসারি। এছাড়া আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হওয়া গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস এবং সেই ম্যাচের একাদশে থাকা রক্ষণভাগের সৌদ আব্দুলহামিদ, হাসান আল তামবাক্তি ও মাঝমাঠের চালিকাশক্তি মোহাম্মদ কান্নোকেও দলে রাখা হয়েছে।
বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাওয়া সৌদি আরব আগামী ১৫ জুন মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন আটলান্টা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ স্পেন এবং ২৬ জুন হাউস্টন স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে কেপ ভার্দের।
ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন আহমেদ আল কাসার, মোহাম্মদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি ও আব্দুলকুদ্দুস আত্তিয়া। ডিফেন্ডার হিসেবে দলে রয়েছেন সৌদ আব্দুলহামিদ, মোহাম্মদ আবু আল শামাত, খালিদ আল ঘান্নাম, মোতেব আল হারবি, আব্দুলইলাহ আল আমরি, নাওয়াফ বুশাল, জাকারিয়া হাওসাউই, হাসান কাদেশ, আলী লাজামী, আলী মাজরাশি, হাসান তামবাক্তি ও জেহাদ থিকরিকে। মিডফিল্ডার হিসেবে সুযোগ পেয়েছেন নাসের আল দাওসারী, আলা আল হাজ্জি, জিয়াদ আল জোহানি, মুসাব আল জুওয়ায়র, আব্দুল্লাহ আল খাইবারি, সালেহ আবু আল শামাত, মোহাম্মদ কান্নো, সুলতান মান্দাশ ও আয়মান ইয়াহয়াহ। এছাড়া ফরোয়ার্ড লাইনে থাকছেন ফেরাস আল ব্রিকান, সালেম আল দাওসারী, আব্দুল্লাহ আল হামদান, আব্দুল্লাহ আল সালেম ও সালেহ আল শেহরি।
ডিবিসি/এফএইচআর