আন্তর্জাতিক, আমেরিকা

ইসরায়েল-নিউ ইয়র্ক বাণিজ্যিক সম্পর্কের ওয়েবপেজ সরাল মামদানি প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামসের আমলে চালু করা নিউ ইয়র্ক ও ইসরায়েলের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ওয়েবপেজ নীরবে সরিয়ে নিয়েছে বর্তমান মেয়র জোহরান মামদানির প্রশাসন।

নিউ ইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের (ইডিসি) ওয়েবসাইট থেকে এই পেজটি অপসারণ করা হয়। এর আগে সাবেক মেয়র এরিক অ্যাডামসের আমলে পেজটি চালু করা হয়েছিল, যেখানে নিউ ইয়র্ক ও ইসরায়েলের মধ্যকার অংশীদারিত্ব, বাণিজ্যিক যোগাযোগ এবং সাংস্কৃতিক সহযোগিতার বিস্তারিত বিবরণ ছিল। বর্তমানে ওই লিংকে প্রবেশ করতে গেলে দর্শনার্থীরা ‘প্রবেশ নিষেধ’ বার্তা দেখতে পাচ্ছেন।


সাবেক মেয়র এরিক অ্যাডামস তার মেয়াদে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন বজায় রেখেছিলেন এবং নিউ ইয়র্ককে ইসরায়েলি ব্যবসা ও উদ্ভাবনের অন্যতম প্রধান হাবে পরিণত করেছিলেন। তবে ডেমোক্র্যাটিক সোশালিস্ট এবং ইসরায়েলের স্পষ্টভাষী সমালোচক জোহরান মামদানি মেয়র হওয়ার পর থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে।


চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই মামদানি ইসরায়েলের সমর্থনে আগের মেয়রের জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেন। নির্বাচনি প্রচারের সময়ই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, মেয়র হলে ইসরায়েলের সঙ্গে সমস্ত প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করবেন। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে তিনি ঘোষণা করেছিলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে।


২০২৫ সালের অক্টোবরে ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তিনি 'নিউ ইয়র্ক সিটি-ইসরায়েল ইকোনোমিক কাউন্সিল'-এর অবসান ঘটাবেন। গত মার্চ মাসে এই ওয়েবপেজটি অপসারণের ঘটনাকে সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা হচ্ছে।


ইডিসি-র ওয়েবসাইটে গত বছরও উল্লেখ ছিল যে, নিউ ইয়র্কে ২০ হাজারেরও বেশি ইসরায়েলি বসবাস করেন এবং ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল এই শহর। পর্যটন, প্রযুক্তি, শিক্ষা এবং বাণিজ্যিক উদ্ভাবনের ক্ষেত্রে দুই অঞ্চলের প্রাতিষ্ঠানিক যৌথ বিনিয়োগ ও স্টার্ট-আপ সহায়তার তথ্যও সেখানে প্রদর্শিত হতো।


তবে পেজটি সরিয়ে নেওয়ার বিষয়ে নিউ ইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের (ইডিসি) এক মুখপাত্র ভিন্ন দাবি করেছেন। তিনি জানান, রুটিন ওয়েবসাইট আপডেট কার্যক্রম এবং আন্তর্জাতিক সব বিষয়কে এক ছাতার নিচে নিয়ে আসার (একত্রীকরণ) অংশ হিসেবেই পেজটি সরানো হয়েছে।


বর্তমানে ওই সাইটে ইসরায়েল বা ইসরায়েলি কোনো কোম্পানির কোনো তথ্য দৃশ্যমান নয়। তার পরিবর্তে এখন জাপান, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা প্রধান্য পাচ্ছে।


সূত্র: নিউজম্যাক্স


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন