লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় জনজীবন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। সম্প্রতি টায়ার শহরে একটি বহুতল আবাসিক ভবন লক্ষ্য করে হামলার আগে বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্দেশে ভবনটির চারপাশের অন্তত ৫০০ মিটার এলাকা খালি করার পর, গভীর রাতে বাসিন্দারা বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান।
খোলা আকাশের নিচে প্রায় দুই ঘণ্টা আতঙ্কের মধ্যে অপেক্ষার পর চালানো বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। এই হামলায় মূল ভবনটির পাশাপাশি সংলগ্ন একাধিক সিটি ব্লকের বহু স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুদ্ধবিরতি ঘোষণার পর টায়ার শহরের বাইরের বাস্তুচ্যুত মানুষ এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘরবাড়ি হারানো বিপুল সংখ্যক মানুষ শহরটিতে আশ্রয় নিয়েছিলেন। তবে নতুন করে শুরু হওয়া এই হামলা তাদের আবারও চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। নির্বিচার এই ধ্বংসযজ্ঞ কেবল নিরীহ মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুতির কারণই হয়ে ওঠেনি, বরং এটি লেবাননের অর্থনীতিতেও মারাত্মক আঘাত হেনেছে। চলমান যুদ্ধে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আবাসিক ভবন ও ব্যবসা-প্রতিষ্ঠানের ওপর এই নির্বিচার হামলার ফলে একেকটি জনপদ ও পুরো সম্প্রদায় সম্পূর্ণভাবে ধ্বংসের সম্মুখীন হচ্ছে।
ডিবিসি/এফএইচআর