জাতীয়

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ে ১০টি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটি চলতি অর্থবছরের ১২তম এবং বর্তমান সরকারের চতুর্থ একনেক বৈঠক।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে এর মধ্য থেকে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো ও যোগাযোগ খাতের অধীনে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের প্রথম পর্যায়ের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ এবং আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। এছাড়া ৩৩টি জেলায় সার্কিট হাউজ উন্নয়ন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন প্রকল্পটিও অনুমোদন পেয়েছে।

 

স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ খাতের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণের দ্বিতীয় পর্যায়, ঢাকা সিএমএইচ-এ ক্যানসার সেন্টার নির্মাণের দ্বিতীয় পর্যায়, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট, দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প।

 

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এই ১০টি প্রকল্পের সিংহভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে জোগানো হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে এগুলোর বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেয়া হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন