অতিরিক্ত মাত্রায় রাসায়নিক কীটনাশক শনাক্ত হওয়ার কারণে ভারত থেকে আম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। দেশটির সীমান্ত কোয়ারেন্টাইন পরিদর্শকরা ভারত থেকে আসা আমের চালানে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের উপস্থিতি পাওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
নেপালি কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপ দেশীয় ফলচাষিদের জন্য অত্যন্ত ইতিবাচক। মধেশ প্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ কুমার পাল দেশটির সংবাদমাধ্যম ‘দ্য রাইজিং নেপাল’-কে জানিয়েছেন, ভারতীয় আমের ওপর এই নিষেধাজ্ঞা স্থানীয়ভাবে উৎপাদিত তুলনামূলক স্বাস্থ্যকর ফলের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।
তিনি আরও জানান, ফেডারেল সরকারের এই সিদ্ধান্ত স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করার পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যকর ও নিরাপদ ফল পাওয়ার সুযোগ নিশ্চিত করবে।
ভারত থেকে সবচেয়ে বেশি আম আমদানি করে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও সৌদি আরব। নেপাল ভারতের আমের খুব বড় বাজার না হলেও, কীটনাশক সংক্রান্ত এই সাম্প্রতিক অভিযোগ ভারতের ফল উৎপাদন ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।
উল্লেখ্য, গত মাসে জাপানও প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ভারতের কেসর, আলফোনসো, ল্যাংড়া ও বাঙ্গানাপল্লি জাতের আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। জাপানি পরিদর্শক দল ভারতীয় উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বিভিন্ন অনিয়ম শনাক্ত করার পরই ওই সিদ্ধান্ত নিয়েছিল।
ডিবিসি/টিবিএ