পাঠানো হয়েছিল বিপদ সংকেত

কাতারের আকাশ থেকে হঠাৎ উধাও মার্কিন জ্বালানি বিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২৬ ০৯:৪৯:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই কাতারের আকাশসীমা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট)। বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার মডেলের এই বিমানটি নিখোঁজ হওয়ার ঠিক আগমুহূর্তে জরুরি বিপদ সংকেত ৭৭০০ পাঠিয়েছিল বলে জানা গেছে। এরপরই রাডারের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরেডার২৪-এর তথ্যের বরাতে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিমানটি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়ার সময় এটি নিখোঁজ হয়। ট্র্যাকিং ডেটা পর্যালোচনা করে দেখা গেছে, নিখোঁজ হওয়ার আগে বিমানটি কাতারের আকাশে বেশ কিছুক্ষণ বৃত্তাকারে চক্কর দেয় এবং অবতরণের উদ্দেশ্যে নিচের দিকে নামতে শুরু করে। ঠিক সেই সময়ই হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


এখন পর্যন্ত বিমানটিতে কোনো হামলার খবর পাওয়া যায়নি। এমনকি এই ঘটনার পেছনে ইরানের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী বা পেন্টাগন বিমানটির বর্তমান অবস্থা এবং নিখোঁজ হওয়ার কারণ নিয়ে এখন পর্যন্ত নীরবতা পালন করছে।


উল্লেখ্য, গত মার্চ মাসে পশ্চিম ইরাকে ইরানের মদদপুষ্ট গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক-এর হামলায় মার্কিন বাহিনী একটি কেসি-১৩৫ বিমান হারিয়েছিল। ওই সময় গোষ্ঠীটি দাবি করেছিল, সার্বভৌমত্ব রক্ষায় তারা বিমানটি ভূপাতিত করেছে। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে এই নিখোঁজ হওয়ার ঘটনাটি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।


কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার মূলত মার্কিন বিমান বাহিনীর একটি বহুমুখী সামরিক বিমান। এটি যুদ্ধবিমান বা বোমারু বিমানকে উড়ন্ত অবস্থায় জ্বালানি দিয়ে দীর্ঘ সময় আকাশে থাকতে সাহায্য করে। এছাড়া বিমানটি প্রায় ৩৭ হাজার কেজির বেশি পণ্য বা কয়েক ডজন যাত্রী বহন করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের দ্রুত সরিয়ে নেওয়া বা এয়ার-অ্যাম্বুলেন্স হিসেবেও এটি ব্যবহৃত হয়।


১৯৫০-এর দশকের শেষের দিকে বোয়িং ৭০৭-এর আদলে তৈরি এই বিমানটি কয়েক দশক ধরে মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে। নিখোঁজ এই বিমানের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন