বাংলাদেশ, জেলার সংবাদ

কুড়িগ্রামে নিখোঁজের দু'দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর রাইসা মনি (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ( ৯ জুন) দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদের তীরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।

জানা যায়, গত রবিবার (৭ জুন) বিকেলে প্রতিবেশী কয়েকজন শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়েছিল রাইসা। গোসলের এক পর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে সে পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যান্য শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা নদে নেমে ব্যাপক খোঁজাখুঁজি করলেও রাইসার সন্ধান পাননি।

 

ঘটনার খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরদিন সোমবার রংপুর থেকে একটি ডুবুরি দল এসে এই উদ্ধার তৎপরতা চালালেও তা শেষ পর্যন্ত নিস্ফল হয়।

 

অবশেষে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা নদের তীরে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি নিখোঁজ রাইসা মনির মরদেহ বলে শনাক্ত করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে নদে উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। সবশেষ মঙ্গলবার শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি তারা জেনেছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন