জাতীয়

গত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিলো রাজনীতির দখলে: স্পিকার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার জোরালো আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গত ২০ বছর ধরে ক্রীড়াঙ্গন রাজনীতিকদের দখলে ছিল। একসময় ক্রীড়ামোদীরা এখানে কিছু দেওয়ার জন্য এলেও এখন অনেকেই আসেন কেবল নেওয়ার জন্য। বর্তমানে ক্রীড়ামোদিদের জায়গা দখল করেছেন রাজনীতিক ও ব্যবসায়ীরা, যা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি।

শনিবার (২৪ মে) দুপুরে যশোরের হামিদপুরে অবস্থিত শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই উৎসবে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ খুদে ফুটবলার অংশ নেয়। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ তারকা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই উৎসবে শিশুদের বিপুল অংশগ্রহণ দেখে স্পিকার নিজের তারুণ্যের দিনগুলোর স্মৃতিচারণ করেন। যশোরকে নিজের সবচেয়ে প্রিয় শহর হিসেবে উল্লেখ করে তিনি জানান, যশোর সেনানিবাসে তিনি যুদ্ধ করেছেন এবং চাকরিজীবনের শুরুতে আড়াই বছর সেখানে কর্মরত ছিলেন। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও একাডেমি হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বাফুফের সহসভাপতি ও একাডেমির পরিচালক নাসের শাহরিয়ার জাহেদীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন, দেশে নাসের জাহেদীর মতো ১০ জন ক্রীড়ামোদি থাকলে বাংলাদেশ এত দিনে বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেত।

 

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশের তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, উন্নত প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে বাফুফের। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে উন্নত প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনায় পাঠানোর বিষয়েও চিন্তাভাবনা চলছে।

 

একাডেমির চমৎকার পরিবেশ ও সুযোগ-সুবিধা দেখে মুগ্ধতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। শিশুদের বিপুল উৎসাহ দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এই একাডেমি থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের ফুটবল তারকারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদী জানান, স্পিকারের উপস্থিতিতে এই আয়োজন ভিন্ন মাত্রা পেয়েছে, যা একাডেমির সব খুদে ফুটবলারকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

 

বিকেলে উৎসবের সমাপনী পর্বে খুদে খেলোয়াড়দের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন