গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য নতুন নিয়ম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা আংশিক পরিবর্তনের মাধ্যমে বড় ধরনের সংশোধন এনেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) প্রথমে একটি নতুন নীতিমালা জারি করেছিল, যেখানে বলা হয়েছিল অস্থায়ী ভিসাধারী বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের আবেদনের জন্য নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে হবে এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করে ভিসার ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ আর থাকছে না।
তবে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইউএসসিআইএস তাদের অবস্থানে পরিবর্তন আনে। সংস্থাটির মুখপাত্র জ্যাক কাহলার এক বিবৃতিতে জানান, যেসব আবেদন অর্থনৈতিক সুবিধা প্রদান করে অথবা জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত, সেসব আবেদনকারী আগের নিয়মেই গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন। তবে অন্যান্য আবেদনকারীদের ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী নিজ দেশ থেকে আবেদন করতে বলা হতে পারে।
যদিও মার্কিন কর্তৃপক্ষ ‘অর্থনৈতিক সুবিধা’ ও ‘জাতীয় স্বার্থ’, এই দুটি পরিভাষার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা বা কোন আবেদনকারীরা এই ছাড় পাবেন এবং কীভাবে যোগ্য বিবেচিত হবেন, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করেনি। ইউএসসিআইএস-এর এই আকস্মিক পরিবর্তনের ফলে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা আন্তর্জাতিক পেশাজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ডিবিসি/এফএইচআর