ডেপুটি স্পিকার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন আগামীকাল বুধবার। ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো-এর আমন্ত্রণে তারা এ সফর করছেন। প্রতিনিধিদলটি আগামী ১৩ জুন পর্যন্ত কুনমিংয়ে অবস্থান করবে।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও সংসদ-সদস্য আকতার হোসেন, বিএনপি'র সংসদ-সদস্য খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।
সফরকালে ১১ জুন প্রতিনিধিদলের নেতা কায়সার কামাল ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং-এর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। যেখানে দু’দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
পাশাপাশি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়নসমূহ পরিদর্শন করবে প্রতিনিধিদলটি।
পরদিন ১২ জুন ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের গভর্নর মি. ওয়াং ইউবো'র সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি সহজীকরণ ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন। এর পাশাপাশি প্রতিনিধিদলটি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করবেন তারা।
সেখানে তারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা সহযোগিতা, জন্মগত হৃদরোগ চিকিৎসা কর্মসূচি এবং চীন-বাংলাদেশ যৌথ চিকিৎসা উদ্যোগ বিষয়ক একটি থিমভিত্তিক শেয়ারিং সেশনে অংশগ্রহণ করবেন। সফরের শেষ দিনে প্রতিনিধিদলটি 'ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার' পরিদর্শন করবে।
উল্লেখ্য, চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম (CSACF) হলো চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বাণিজ্য উদারীকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণ এই ফোরামটির অন্যতম প্রধান উদ্দেশ্য।
ডিবিসি/টিবিএ