ঠাকুরগাঁওয়ের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় রাধা উষা নামের এক আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শাহীন। পেশায় চালক। মরদেহের পাশে তিনটি চিরকুট পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছে।
নিহত শাহিন আলম ভূল্লী থানার বোগুলাডাঙ্গী এলাকার আব্দুল লতিফ এর ছেলে। ওই হোটেলের রুম বয় কৃষ্ণ জানায়, শাহীন গত রবিবার এই হোটেলে উঠে। আজ দুপুরে খাওয়া দাওয়া শেষে সে হোটেলে রুমে গিয়ে দরজা লাগিয়ে ঘুমায়।
পরে বিকেলের দিকে কৃষ্ণ অনেক ডাকাডাকি করলেও দরজা খুলে না সে। এরপর জানালা দিয়ে দেখতে পায় তার ঝুলন্ত মরদেহ। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
শাহিনের পরিবার সূত্রে জানা যায়, নিহত শাহীন রাধা ঊষা আবাসিক হোটেল মালিকের কোম্পানির মিকচার মেশিন এর ড্রাইভার ছিলেন। তবে রাধা ঊষা কোম্পানির ম্যানেজারের দাবি সে চার বছর আগে এই কোম্পানিতে চাকরি করতেন, বর্তমানে সে কর্মরত নেই।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই হিরন রায় বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি, সিআইডি ক্রাইম-সিন ও কাজ করছে। তদন্ত চলছে। মরদেহ ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। তবে মরদেহের কাছে তিনটি চিরকুট পাওয়া গেছে।’
যার একটিতে লেখা আছে ‘ম্যানেজার আমার লাশ বাসায় পাঠায় দিস’, আরেকটিতে ‘লেখা হরিদা আমার লাশ বাসায় পাঠিয়ে দিও’ এবং ‘অন্য আরেকটিতে লেখা আছে সবাই আমার ছেলেকে দেখে রাখবেন’।