গত ফেব্রুয়ারি মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)’ গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার আট মাস পেরোনোর পর বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) সংগঠনটি তাদের নাম পরিবর্তন করে 'জাতীয় ছাত্রশক্তি' নামে আত্মপ্রকাশ করেছে। নতুন এই নামে সংগঠনটি এখন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক এক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি ছাত্রসংগঠনটির নতুন নাম ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে সংগঠনটির কোনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির অনেক সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন। অভ্যুত্থানের পর এই সংগঠনটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই সমন্বয়কদের (যারা এখন ছাত্রশক্তির সাবেক নেতা) একটি অংশের উদ্যোগেই গণতান্ত্রিক ছাত্রসংসদের যাত্রা শুরু হয়।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হারের পরই মূলত সংগঠনটিকে পুনর্গঠনের আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে এনসিপির পক্ষ থেকে সম্মেলন করে নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হযছিল। একই সঙ্গে সংগঠনটিকে সরাসরি এনসিপির ছাত্রসংগঠন হিসেবে পরিচিত করানোর পরামর্শও দেওয়া হয়।
ডিবিসি/এফএইচআর