২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ মে) ভোর সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশু সামিত জেলার সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার হামের উপসর্গ নিয়ে শিশু সামিতকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা চলমান অবস্থায় রোববার ভোরে সে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের শুরু থেকে এ পর্যন্ত মোট ৯১৫ জন শিশু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর আগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও উন্নত চিকিৎসার জন্য ৮ থেকে ১০ জন শিশুকে ঢাকা ও চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছিল।
বর্তমানে হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ড মিলিয়ে হাম এবং অন্যান্য রোগ নিয়ে প্রায় ১২০ জনের মতো শিশু চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন গড়ে অন্তত ২০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
রোগীর এই বাড়তি চাপের কারণে হাসপাতালে বর্তমানে শয্যা ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে রোগীদের অভিভাবকদের বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এর পাশাপাশি চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় স্টাফের সংকট থাকায় আগত রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা প্রদান করতে হাসপাতাল কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
ডিবিসি/টিবিএ