মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর জাহানারা বেগম (৪৮) নামের এক নারীকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) সকালে চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা গ্রামের মৃত সেন্টু শেখের স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলের জননী। নিখোঁজের পর এমন অলৌকিকভাবে ফিরে আসার ঘটনায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে যে মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ওই নারী নিখোঁজ হয়েছেন।
সংবাদ পাওয়ার পরপরই টংগিবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিখোঁজ নারীকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে মঙ্গলবার সকাল ৮টায় ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছিল।
ঠিক সেই মুহূর্তে নিখোঁজ নারীর ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে ফায়ার সার্ভিসকে জানান যে, তার মা জাহানারা বেগমকে চাঁদপুর জেলার চাঁদপুর ঘাট এলাকায় জীবিত ও সুস্থ অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে তাকে চাঁদপুর থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। তবে, নদীপথে তিনি কীভাবে মুন্সীগঞ্জ থেকে চাঁদপুরে গিয়ে পৌঁছালেন, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
ডিবিসি/টিবিএ