মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন আইনে পরিবারের সদস্য ছাড়াও অন্য ঘনিষ্ঠজনদের নিঃস্বার্থভাবে কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দান করার সুযোগ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গপ্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধু অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন। এতে প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের চেষ্টা করা হতো।'
তিনি বলেন, ‘নতুন অধ্যাদেশে পরিবারের বাইরের ব্যক্তিরাও যদি প্রমাণিত মানসিক বা আবেগগত সম্পর্ক রাখেন, তবে তারা স্বেচ্ছায় ও নিঃস্বার্থভাবে অঙ্গ দান করতে পারবেন।’
আসিফ নজরুল আরও জানান, নতুন আইনি কাঠামো কার্যকর হলে রোগীরা দেশেই অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ পাবেন, এতে চিকিৎসা ব্যয় কমবে এবং বিদেশে চিকিৎসার প্রয়োজনও হ্রাস পাবে।
ডিবিসি/কেএলডি