বরিশাল নগরের শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি (কেডিসি) কলোনীর একটি বাসা থেকে ৬৬ কেজি গাঁজা জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (৯ জুন) সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিশাল গাঁজার চালানটি জব্দ করা হয়। তবে অভিযানের সময় মূল মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে বাসায় পাওয়া যায়নি।
গোয়েন্দা পুলিশ জানায়, কলোনীর বাসিন্দা সাইদুল ইসলামের বাসায় বিপুল পরিমাণ মাদক মজুত আছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ডিবি ডিসির নেতৃত্বে সেখানে হানা দেওয়া হয়। তল্লাশির একপর্যায়ে সাইদুলের একটি টিনের বাসার তৃতীয় তলা থেকে সর্বমোট ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘরের বাসিন্দা সাইদুল বা জড়িত কাউকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) ছগির হোসেন জানান, নির্ভরযোগ্য সূত্রের খবরের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে সাইদুলের বাসা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে। তবে এসময় সাইদুল বা তার সহযোগী কাউকে সেখানে পাওয়া যায়নি। উদ্ধারকৃত এই মাদকের সাথে জড়িত সাইদুলসহ অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/টিবিএ