আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে টুর্নামেন্টের জন্য ভারত সফরের বিষয়ে আগামী ২১ জানুয়ারি বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত শনিবার ঢাকায় বিসিবির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে আইসিসির প্রতিনিধিরা এই সময়সীমার কথা জানিয়েছেন। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ঢাকার এই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। বৈঠকে বিসিবি আবারও তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অত্যন্ত আগ্রহী, তবে ভারতের বাইরে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা থাকায় তারা কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয়। সহ-আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করেছে বোর্ড। লজিস্টিক জটিলতা ন্যূনতম রেখে প্রয়োজনে গ্রুপ পরিবর্তনের (বাংলাদেশ ও আয়ারল্যান্ডের গ্রুপ বিনিময়) বিষয়েও আলোচনা হয়েছে, তবে আইসিসি তাদের মূল সূচিতে বড় কোনো পরিবর্তন আনতে এখনো অনড় অবস্থানে রয়েছে।
বিসিবি ও আইসিসির মধ্যে এই অচলাবস্থা গত প্রায় তিন সপ্তাহ ধরে চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে এবং উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত আছে। বিসিবি প্রথমবার গত ৪ জানুয়ারি তাদের উদ্বেগের কথা জানিয়েছিল, যখন বিশ্বকাপের বাকি ছিল মাত্র তিন সপ্তাহ। আইসিসি এখন পর্যন্ত নিশ্চিত করছে যে, ভারতের সামগ্রিক হুমকির মাত্রা মাঝারি থেকে উচ্চ হিসেবে চিহ্নিত হলেও কোনো নির্দিষ্ট দলের জন্য সরাসরি কোনো ঝুঁকি নেই।
ডিবিসি/পিআরএএন