মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি খালের ওপর কাঠের পাটাতনে নির্মিত ১০টি দোকান ও দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার (২৪ মে) ভোর ৫টার দিকে উপজেলার আটপাড়া এলাকায় ছনবাড়ী-মুন্সিগঞ্জ সড়কের শ্রীনগর কোল্ড স্টোরেজের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় নিজেদের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানীরা।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এই বিষয়ে জানান, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দোকানগুলোতে আগুনের লেলিহান শিখা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সেখানে বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থাতেই দোকানগুলো দাউদাউ করে জ্বলছিল।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। তিনি আরও জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের অন্যান্য দোকানগুলোকে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা গেছে।
ডিবিসি/টিবিএ