বাংলাদেশ, অপরাধ, রাজধানী

রামিসা ধর্ষণ মামলা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুন

কেরাণীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৪ মে) বিকেলে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় রবিবার দিনভর অপেক্ষার পর বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। বেলা পৌনে ৪টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগপত্রটি পর্যালোচনার পর বিচারের জন্য তা ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে প্রেরণ করেন। পরে বিকেল ৫টার দিকে ট্রাইব্যুনাল অভিযোগপত্রটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য ১ জুন দিন ঠিক করেন।

 

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, এ মামলায় দুই আসামির বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের মৃত্যুদণ্ড হতে পারে। রাষ্ট্রপক্ষের এই আইন কর্মকর্তা আরও জানান, বিষয়টির জনগুরুত্ব বিবেচনা করে মামলার বিচারকাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে।

 

এর আগে সকালে দুই আসামিকে আদালতে আনা হলেও তাদের এজলাসে তোলা হয়নি। এদিকে, ঢাকা আইনজীবী সমিতি এই মামলার আসামিদের কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে অভিযুক্তরা নিজেদের পক্ষে কোনো আইনজীবী পাবেন কি না, তা আগামী ১ জুন জানা যাবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন