ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক হামলাকে লেবাননের জনগণের 'রক্ষাকবচ' হিসেবে উল্লেখ করে এর তীব্র প্রশংসা করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলে চালানো ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা মূলত লেবাননের প্রতি তেহরানের দৃঢ় 'অঙ্গীকারেরই' একটি স্পষ্ট বার্তা।
হিজবুল্লাহ স্মরণ করিয়ে দেয়, লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং এতে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের প্রেক্ষাপটেই ইরান এই পাল্টা জবাব দিয়েছে। গোষ্ঠীটির অভিযোগ, সম্মত হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ক্রমাগত হামলা চালিয়ে আসছিল।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, "ইরানের এই জবাবের মাধ্যমে এটিই তুলে ধরা হয়েছে যে, এ অঞ্চল ও এর অন্তর্ভুক্ত দেশগুলোর স্থিতিশীলতা মূলত যেকোনো চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের ওপর নির্ভর করে। আর সবার আগে ইহুদিবাদী শত্রুদেরই (ইসরায়েল) সেই চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে। ইরান সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত সুস্পষ্ট ও জোরালোভাবে এই বার্তাই দিতে চেয়েছে।"
ইরানের পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের (আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ আন্দোলন) পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, "ইহুদিবাদী সত্তাকে প্রতিহত করার লক্ষ্যে যৌথ পদক্ষেপের অংশ হিসেবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রশংসনীয় এই সমর্থন ঠিক একই সময়ে সামনে এসেছে।"
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর