বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

হাম মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিল আইসিআরসি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

রবিবার (২৪ মে) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।


আইসিআরসি ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।


অনুদানের আওতাভুক্ত সামগ্রীতে রয়েছে- ১৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ৫৭০টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ-ভালভ-মাস্ক (বিভিএম) রিসাসিটেটর এবং প্রয়োজনীয় ম্যানুয়াল সাকশন ডিভাইস।


আইসিআরসি জানায়, এই সামগ্রীগুলো জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করার পাশাপাশি শ্বাসকষ্টজনিত জটিলতা এবং অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে সহায়তা করবে।


বাংলাদেশে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা এবং চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মানবিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিআরসি।


হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন