আন্তর্জাতিক

হোয়াইট হাউসের কাছে বন্ধুকধারীর গুলি, হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন এবং তাকে নিরাপদে রাখা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টার পর ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের কাছে এই গোলাগুলির সূত্রপাত হয়। 

 

প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে চেকপয়েন্টের কাছে আসেন। এরপর তিনি ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন।

 

হামলার জবাবে সিক্রেট সার্ভিস এজেন্টরা পালটা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এই পালটাপালটি গুলিবিনিময়ের সময় একজন পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে তিনি বন্দুকধারীর গুলিতে নাকি সিক্রেট সার্ভিসের পালটা গুলির সময় আহত হয়েছেন, সে বিষয়টি কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি। এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।

 

গোলাগুলির পরপরই হোয়াইট হাউসজুড়ে কঠোর নিরাপত্তা জারি করে লকডাউন ঘোষণা করা হয়। হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের অবস্থা নিয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন