অর্থনীতি

২ হাজার কোটি টাকার কম পরিশোধিত মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন (পেইড-আপ ক্যাপিটাল) ২ হাজার কোটি টাকার কম, তারা কোনোভাবেই নগদ লভ্যাংশ দিতে পারবে না। অন্যদিকে, যেসব ব্যাংক নগদ লভ্যাংশ দেওয়ার যোগ্য, তারাও ঘোষিত মোট লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদে বিতরণ করতে পারবে এবং বাকি অংশ অবশ্যই স্টক লভ্যাংশ বা শেয়ার আকারে দিতে হবে।

বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ানো এবং সার্বিক ব্যাংকিং খাতের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে শনিবার (২৩ মে) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনাটি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণার সময় থেকে কার্যকর হবে।

 

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, লভ্যাংশের পুরো অর্থ নগদে বিতরণ না করে একটি অংশ স্টক হিসেবে মূলধনে যুক্ত করা হলে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি কমবে এবং আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

 

সার্কুলারে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলার (নং-০১) এবং ২০২৬ সালের ১৫ মার্চের এসপিসিডি সার্কুলারের (নং-০৫) ধারাবাহিকতায় নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, ব্যাংকের আর্থিক সক্ষমতা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও বিনিয়োগকারীদের রিটার্ন বিবেচনায় মূলধন সংরক্ষণ হার, ক্যাপিটাল কনজারভেশন বাফার এবং ডিভিডেন্ড পে-আউট রেশিওর ভিত্তিতে এই সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন এই কড়াকড়ি আরোপ হলেও আগের সার্কুলারগুলোর অন্যান্য শর্ত এবং নির্দেশনার বাকি বিষয়গুলো আগের মতোই বহাল থাকবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন