সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অক্টোবর মাসেই লাল ও সাদা বলের ক্রিকেটে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি সীমিত ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস দ্য ডেইলি স্টারকে জানান, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং তিনটি সাদা বলের ম্যাচ নির্ধারিত রয়েছে। আফগানিস্তান এই সিরিজের আয়োজক হওয়ায় সাদা বলের ম্যাচের ফরম্যাট ও চূড়ান্ত সূচি তারাই নির্ধারণ করবে।
পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে আফগানদের বিপক্ষে এই একমাত্র টেস্ট ম্যাচটি টাইগারদের জন্য কার্যকর প্রস্তুতি হিসেবে কাজ করবে। সূচি অনুযায়ী, অক্টোবর-নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। উভয় টেস্ট সিরিজই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে এই চক্রের অভিযান শেষ করবে। এর মাধ্যমে ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট সফরে আসবে ইংল্যান্ড।
এদিকে আগামী ২৮ আগস্ট ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সিরিজটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছেন যে এই সিরিজের সূচিতে পরিবর্তন আসতে পারে।