এবার প্রকাশ্যে এসেছে দ্বিতীয় টিজার। দুর্দান্ত, চোখধাঁধানো লুকে হাজির হয়েছেন অজয়। এ ছাড়া এই টিজারেই সিনেমার সব অভিনেত্রা-অভিনেত্রীর পরিচয় হলো দর্শকের সঙ্গে। প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই।
বলিউড তারকা অজয় দেবগণের ‘ভোলা’ সিনেমার প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই সবার নজর কেড়েছিল। সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর থেকে সেই উন্মাদনা বেড়েছে বহুগুণ।
অজয়ের নতুন এই লুক দেখে ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। অভিনেতার এই চেহারাকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন অনেকে। একজন ভক্ত মন্তব্য করে লিখেছেন, ‘তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা সুপারস্টার অজয় দেবগনের অসাধারণ লুক। ভোলা বিগ হিট হবে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘বাকি সব একদিকে, অজয় দেবগন স্যার একদিকে।’ অপর এক ভক্ত লিখেছেন, ‘রিমেক হলেও অধীর আগ্রহে অপেক্ষা করছি ভোলার জন্য।’
এ সিনেমায় টাবুকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়া কেন্দ্রীয় খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়লকে। পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে। এছাড়া সিনেমাতে বিনীত কুমার, গজরাজ রাওকে দেখা যাবে।
‘ভোলা’ সিনেমাটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই সিনেমা এক অকুতোভয় বাবার গল্প বলবে। যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারেন। সব কিছু বিলিয়ে দিতে পারেন।
ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। আসছে ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ভোলা’। জানা গেছে, সিনেমাটি পুরোপুরি অ্যাকশনধর্মী।
গত ২৭ অগাস্ট ইনস্টাগ্রামে টাবু একটি ছবি পোস্ট করেন। সেখানে এই সিনেমাটির শুটিং শেষের কথা ঘোষণা করেন। সিনেমাটি পোস্ট করে তিনি লেখেন, ‘দেখো! আমরা একসঙ্গে আমাদের নবম সিনেমা শেষ করলাম’ সম্প্রতি অজয় দেবগণ ও টাবুর একসঙ্গে ‘দৃশ্যম-২’ মুক্তি পেয়েছে। ২০১৯ সালের সুপারহিট তামিল সিনেমা ‘কাইথি’-এর অফিসিয়াল রিমেক ভোলা।