রাজধানী

অজ্ঞান করে ক্যাম্পাস থেকে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, মিরপুর থেকে উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে এক শিক্ষার্থীকে অজ্ঞান করে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। অপহরণের কয়েক ঘণ্টা পর ওই শিক্ষার্থীকে মারধর করে মিরপুর-১ এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আতিক আল রাহাত। তিনি বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এবং শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। হল সংসদের পক্ষ থেকে জানানো হয়, গত ১০ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের ফুলার রোড এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা রাহাতকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। ঘটনার প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর রাহাতের নিজের মোবাইল ফোন থেকেই তার পরিবারের কাছে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় অপহরণকারীরা রাহাতকেও তার পরিবারের কাছে টাকা চাইতে বাধ্য করে।


শিক্ষার্থী অপহরণের খবর পেয়ে হল সংসদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে রাহাতের পরিবার, হল প্রশাসন, প্রক্টর অফিস ও শাহবাগ থানায় যোগাযোগ করেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করারও প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হল সংসদের দাবি, পুলিশের সহায়তায় রাহাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল, যা উদ্ধারে সহায়ক ভূমিকা রাখে। তবে জিডি করার আগেই রাহাত একটি মুদি দোকানের ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান যে, অপহরণকারীরা তাকে মারধর করে ছেড়ে দিয়েছে। পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে মিরপুর-১ এর নবাবের বাগ এলাকার পাকার মাথা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদে রয়েছেন।


ক্যাম্পাসের ভেতর থেকে শিক্ষার্থী অপহরণের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হল সংসদ। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন