বাংলাদেশ, জাতীয়

অটোমেশনের আওতায় আসবে ঢাকার ১২০ ট্রাফিক সিগন্যাল

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক এক বিশেষ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তুলতে মোট নয়টি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় প্রযুক্তিতে ঢাকার ১২০টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে। যানজট কমাতে শহরের চারপাশ দিয়ে নতুন বাইপাস সড়ক নির্মাণের পাশাপাশি অভ্যন্তরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে মহানগরের যত্রতত্র থাকা বাস কাউন্টারগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা শহরের ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে এবং বিদ্যমান টার্মিনালগুলো শুধুমাত্র সিটি সার্ভিসের জন্য ব্যবহৃত হবে।

বৈঠকে রাস্তার দুই পাশের অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রেল ক্রসিংগুলোতে ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং সিস্টেম এবং সিটি বাসগুলোতে জিপিএস প্রযুক্তি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পথচারীদের সুবিধার্থে অধিকাংশ ফুটব্রিজে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল সংলগ্ন ফুটব্রিজগুলোতে দেশীয় প্রযুক্তির লিফট স্থাপন করা হবে। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকগণ আগামী ৭ এপ্রিলের মধ্যে এসব পরিকল্পনার অধিকাংশ বাস্তবায়নের আশা ব্যক্ত করেছেন। এই পরিকল্পনাগুলো সমন্বয় ও বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সাথে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ সদস্য ও শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাসকে।

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন