ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী’ শিক্ষকদের সংগঠন সাদা দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দেশবাসীর উদ্দেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুস সালাম লিখিত বক্তব্যে পাঠ করে বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সঠিক নেতৃত্ব নির্বাচন গুরুত্বপূর্ণ। তিনি জানান, দীর্ঘ আন্দোলনের পর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবে। এ সময় তিনি একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অধ্যাপক আবদুস সালাম বলেন, সাদা দল রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাভিত্তিক রাজনৈতিক নেতৃত্বের পক্ষে অবস্থান নেয়। তিনি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার কেন্দ্রীকরণ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে অবস্থানের কথাও জানান।
তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ন্যায়বিচার, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার প্রয়োজনীয়তার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সাদা দলের পক্ষ থেকে বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব ও রাজনৈতিক রোডম্যাপের বিষয়েও উল্লেখ করা হয়। এ সময় সংগঠনের নেতারা জাতীয় নিরাপত্তা ও বিদেশি প্রভাবের বিষয়েও তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সংবাদ সম্মেলন শেষে গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদা দলের নেতারা জানান, তারা গণভোট আয়োজনের পক্ষে মত দেন এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
সংবাদ সম্মেলনে সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মহিউদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এনএসএফ