দক্ষ মানবসম্পদ উন্নয়ন, পেশাগত প্রশিক্ষণ এবং ভ্যাট-সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের (ভ্যাট ফোরাম) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের সেক্রেটারি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার মো. আবদুল কাইউম সরদার, এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ড. আবদুর রউফ, ওমর ফারুক, হাবিবুর রহমান, রোকসানা আখতার এবং আকতারুল ইসলাম।
এই সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন পেশাভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক কোর্স, প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার, কর্মশালা এবং সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করবে। এর মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীরা ভ্যাট, ট্যাক্সেশন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের কর্মসংস্থান ও পেশাগত সক্ষমতা উন্নয়নে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ডিবিসি/আরএসএল