অনলাইনে পাভ ভাজি অর্ডার করে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়েছেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। জোম্যাটোর মাধ্যমে অর্ডার করা খাবারের সঙ্গে দেওয়া কাটা পেঁয়াজের মধ্যে তিনি একটি পোড়া বিড়ি দেখতে পান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে জোম্যাটোকে ট্যাগ করেন তিনি।
লিংকডইন ব্যবহারকারী প্রিয়ম তাহাবিলদার ঘটনাটি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, জোম্যাটো থেকে পাভ ভাজি অর্ডার করার পর ‘ফ্রি’ হিসেবে একটি বিড়িও পেয়েছেন। তবে সেটি সম্পূর্ণ পোড়া ছিল। মজার ছলে তিনি আরও বলেন, এমন ‘ফ্রি উপহার’ তিনি চাননি।
তার পোস্টে প্রকাশিত ছবিতে পাভ ভাজির সঙ্গে দেওয়া কাটা পেঁয়াজের মধ্যে বিড়িটি পড়ে থাকতে দেখা যায়। সাধারণ একটি খাবারের অর্ডার এ ঘটনায় হঠাৎই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্নের জন্ম দেয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর জোম্যাটো প্রিয়মের পোস্টে প্রতিক্রিয়া জানায়। প্রতিষ্ঠানটি তাকে সরাসরি বার্তার মাধ্যমে অর্ডার আইডি পাঠাতে বলে, যাতে বিষয়টি খতিয়ে দেখা যায়।
জোম্যাটোর পক্ষ থেকে মন্তব্যে বলা হয়, “হাই প্রিয়ম, অনুগ্রহ করে আপনার অর্ডার আইডি ডিএম করুন, যাতে আমরা বিষয়টি তদন্ত করতে পারি।”
পরে প্রিয়ম আরেকটি আপডেটে জানান, ঘটনার পর জোম্যাটো তাকে পরবর্তী অর্ডারের জন্য ১০০ রুপির একটি কুপন দেওয়ার প্রস্তাব দিয়েছে।
তিনি লেখেন, “আপডেট: জোম্যাটো আমার পরবর্তী অর্ডারের জন্য ১০০ রুপির কুপন দিয়েছে।”
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/এসএফএল