অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেছিলেন। অনলাইনে পুরো টাকাও পরিশোধ করেছিলেন। কিন্তু পার্সেল হাতে পাওয়ার পর সেটি খুলে ভেতরে ডিভাইসের বদলে মিলল গোবরের সার। ভারতের গ্রেটার নয়ডার দানকৌর থানা এলাকায় এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন আকাশ নাগর নামের এক ব্যক্তি।
আকাশ জানান, কাজের জন্য কয়েক দিন আগে একটি অনলাইন ওয়েবসাইট থেকে ১ হাজার ৯৯৯ রুপির একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেন তিনি। অর্ডারের সময় অনলাইনেই পুরো অর্থ পরিশোধ করেন। নির্ধারিত সময়ের মধ্যে সোমবার বিকেল ৫টার দিকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি তার বাড়িতে পৌঁছায়।
পার্সেল হাতে পাওয়ার পর সেটি খুলতেই চমকে যান আকাশ। বাক্সের ভেতরে থাকা উচিত ছিল অ্যান্ড্রয়েড ডিভাইস। কিন্তু সেখানে পাওয়া যায় গোবরের সার। পরে বিষয়টি বুঝতে পেরে অনলাইন কেনাকাটার নামে প্রতারণার অভিযোগে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আকাশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যে ওয়েবসাইটের মাধ্যমে ডিভাইসটি অর্ডার করা হয়েছিল, সেটির তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি অনলাইন পেমেন্টের তথ্য এবং কুরিয়ার ডেলিভারি প্রক্রিয়াও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল