জেলার সংবাদ

বাবার পরকীয়ার বলি কুমিল্লার শিশু ফাহিমা

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই নভেম্বর ২০২১ ০৯:২৩:১৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাবার পরকীয়া দেখে ফেলায় কাল হলো কুমিল্লার শিশু ফাহিমা আক্তারের। বাবা ও তার প্রেমিকাকে অন্তরঙ্গ মুহূর্তে দেখার কারণে শিশু ফাহিমাকে ভাড়া করা খুনি দিয়ে হত্যা করা হয়।

৫ বছরের শিশু ফাহিমা আক্তার। জীবনের ভালো-মন্দ বোঝার বয়সই হয়নি তার। কিন্তু দেখে ফেলে বাবা ও তার প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ঘটনা। ছোট্ট শিশুটি কিছু না বুঝলেও তাকেই প্রাণ দিতে হয়েছে এই ঘটনায়। ঘাতক বাবা আমির হোসেন আর তার প্রেমিকা লাইলি আক্তার মিলে পরিকল্পনা করে শিশু ফাহিমাকে খুন করে।

এই ঘটনায় মঙ্গলবার কুমিল্লা ও ঢাকা থেকে ফাহিমার বাবা ও তার প্রেমিকাসহ ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:  আমির হোসেন, রবিউল আউয়াল, রেজাউল ইসলাম ইমন, মোসা. লাইলি আক্তার ও সোহেল রানা। 

বুধবার সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘অন্তরঙ্গ মুহুর্ত দেখে ফেলায় বাবাই প্রথমে মেয়ের বুকে ছুড়ি চালিয়ে নিশ্চিত করে ফাহিমার মৃত্যু। মেয়েকে হত্যার পর নিজের স্ত্রীকে হত্যা করে প্রেমিকাকে বিয়ে করার পরিকল্পনা ছিল ঘাতক বাবা আমির হোসেনের।’

উল্লেখ্য, গেল ৭ই নভেম্বর কুমিল্লার দেবিদ্বারে ৫ বছরের শিশু ফাহিমা আক্তার নিখোঁজ হয়। পরে ফাহিমার বাবা আমির হোসেন দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আর, গেল ১৪ই নভেম্বর দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর এলাকা থেকে শিশু ফাহিমার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন