বাংলাদেশ, জাতীয়
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে মত প্রকাশের স্বাধীনতার জেরে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি। রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্নাকেও মত প্রকাশের কারণে জেলে যেতে হয়নি। রাষ্ট্রযন্ত্রের কাছে নিশ্চয়ই ভিন্ন কোনো তথ্য ছিল।’’
অন্তর্বর্তী সরকারে নিজের ১৮ মাসের দায়িত্ব পালন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, সফলতা বা ব্যর্থতা নিয়ে তার নিজের বলার কিছু নেই। তিনি বলেন, ‘‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। জনগণ মূল্যায়ন করবে।’’
এছাড়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগের বিষয়টি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, ফয়েজ তৈয়ব আগে থেকেই বিদেশে থাকতেন এবং তার পরিবার নেদারল্যান্ডসে ছিল। গত দেড় বছর তিনি পরিবারের বাইরে ছিলেন। রাষ্ট্রীয় কাজ শেষ করে তিনি এখন পরিবারের কাছে ফিরে গেছেন।
ডিবিসি/পিআরএএন