জেলার সংবাদ

অন্য কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ইউনিয়ন জামায়াত সভাপতি বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা। বুধবার (৬ আগস্ট) চুনারুঘাট উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে জারুলিয়া এলাকার পার্শ্ববর্তী গজারিয়া গ্রামে অন্য আরেক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকার সময় নুরুল ইসলাম সজল স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় প্রাথমিকভাবে ঘটনাটির নিষ্পত্তির চেষ্টা করা হয়।


পরবর্তীতে অভিযোগটি উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষার্থে নুরুল ইসলাম সজলকে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতির পদসহ দলীয় সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।


চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’


তিনি আরও জানান, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।


এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম সজলের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন