বিশ্বব্যাপী অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ১৭৫,০০০-এরও বেশি বিদেশির ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধমূলক কর্মকাণ্ড, ভিসার শর্ত লঙ্ঘন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, প্রতারণা, জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের অভিযোগে এসব ভিসা বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর জানায়, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাতে ধরা পরা ব্যক্তিদের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই), চুরি এবং মাদকসংক্রান্ত অপরাধের হার সবচেয়ে বেশি। এছাড়া ধর্ষণ, অপহরণ, মানব পাচার এবং শিশু যৌন নিপীড়নমূলক সামগ্রী রাখার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের ভিসাও বাতিল করা হয়েছে।
উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’ বা শুধু সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দিতে আসা একশরও বেশি বাবা-মায়ের ভিসা বাতিল করেছে। পাশাপাশি, রক্ষণশীল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের ওপর হামলার ঘটনা উদযাপন বা উসকানিমূলক মন্তব্যকারীদের ভিসাও বাতিল তালিকায় রয়েছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর মার্কিন ভিসা নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারি কঠোর করা হয়েছে। এর আগে গত জানুয়ারিতেও রেকর্ড এক লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল পররাষ্ট্র দপ্তর।
সূত্র: রয়টার্স