সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা ও নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২ মার্চ (সোমবার) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে, এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে।
পরিপত্রে উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন ব্যক্তিগত বা দাপ্তরিক কর্মসূচিতে (যেমন সেমিনার, প্রশিক্ষণ বা ব্যাংক-হাসপাতালে গমন) অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না। এতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক গতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি এড়াতেই নতুন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই ৪০ মিনিট সময় যেন বিঘ্নিত না হয়, সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
তবে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও জেলখানার মতো জরুরি সেবায় রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এ ছাড়া ভিভিআইপি প্রটোকল বা আকস্মিক বড় কোনো দুর্ঘটনা মোকাবিলার মতো জরুরি প্রয়োজনে এই নিয়ম শিথিলযোগ্য হবে। পরিপত্রে আরও কঠোরভাবে বলা হয়েছে যে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা দাপ্তরিক কাজ ছাড়া কোনো অবস্থাতেই অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করা যাবে না।
ডিবিসি/পিআরএএন