থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট।
বুধবার সকালে হায়দরাবাদ থেকে আসা বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটির সামনের চাকা বা 'নোজ গিয়ার' ভেঙে যাওয়ায় এই বিপত্তি ঘটে। তবে পাইলটের তৎপরতা এবং দ্রুত উদ্ধারকাজের ফলে বিমানে থাকা ১৩৩ জন যাত্রীই অক্ষত ও নিরাপদ রয়েছেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৬টা ৪২ মিনিটে হায়দরাবাদ থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। অবতরণের চূড়ান্ত মুহূর্তে রানওয়ে স্পর্শ করার পরপরই যান্ত্রিক গোলযোগের কারণে সামনের চাকাটি ভেঙে যায়। এর ফলে বিমানটি রানওয়েতে বেশ কিছুটা ঘষে গিয়ে থেমে যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে রানওয়ের ওপর বিমানের ভাঙা চাকাটি পড়ে থাকতে দেখা গেছে।
দুর্ঘটনার পরপরই ফুকেট বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত রানওয়ে বন্ধ করে দেয় এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
নিরাপত্তার খাতিরে বেশ কিছুক্ষণ বিমান চলাচল স্থগিত রাখা হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত যাত্রীকে নিয়ম মেনে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এই সহযোগিতার জন্য তারা ফুকেট বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
সাধারণত টেকঅফ এবং ল্যান্ডিংয়ের সময় বিমানের ভারসাম্য বজায় রাখতে 'নোজ গিয়ার' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন এই যান্ত্রিক ত্রুটি দেখা দিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং রানওয়ে পুনরায় সচল করা হয়েছে।
ডিবিসি/ এইচএপি