আন্তর্জাতিক

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য একটি মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতবার্তা পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, দ্বিতীয় দফার এই আলোচনায় ইরান অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নিশ্চিত বা নাকচ করা সম্ভব নয়। দেশটির প্রধান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-ও জানিয়েছে, কর্মকর্তাদের পক্ষ থেকে এই আলোচনার বিষয়ে কোনো নিশ্চয়তা মেলেনি।

 

ফারস নিউজ ইরানের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলোচনার সামগ্রিক সম্ভাবনা খুব একটা ইতিবাচক নয়। অন্য একটি সূত্র জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে, ততক্ষণ ইসলামাবাদে দ্বিতীয় কোনো বৈঠকের কথা ইরান চিন্তাও করবে না।

 

এদিকে সিএনএন জানিয়েছে, ইরানি সূত্র থেকে তাদের আগে জানানো হয়েছিল যে মঙ্গলবার একটি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাতে পারে। তবে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

 

অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ আরও কঠোর অবস্থান তুলে ধরে রবিবার জানিয়েছে, আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠানোর বর্তমান কোনো পরিকল্পনা ইরানের নেই। তারা সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ জারি থাকা অবস্থায় কোনো আলোচনা সম্ভব নয়।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন