আবহাওয়া

অবশেষে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে ভ্যাপসা গরম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘদিনের তীব্র গরম ও অস্বস্তির পর অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে তাপমাত্রা হ্রাস পেয়ে গরমের তীব্রতা আগের তুলনায় কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি বা অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দিনের তাপমাত্রা সামান্য কমিয়ে আনবে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

 

অন্যদিকে, সারাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বর্তমানে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বৃষ্টির কারণে তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন