জেলার সংবাদ

অবশেষে প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় বসল গাইবান্ধার সেই ৬৫ পরীক্ষার্থী

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২৬ ১২:৫১:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে প্রবেশপত্র হাতে পেয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬৫ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন আজ বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থী পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন পরীক্ষার্থী কোমরপুর চারমাথা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। বর্তমানে কোনো জটিলতা নেই এবং সকল পরীক্ষার্থী স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় বসেছে।

 

এর আগে গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ে প্রবেশপত্র না আসার খবর ছড়িয়ে পড়লে দুই প্রতিষ্ঠানের ৬৫ পরীক্ষার্থী চরম হতাশায় পড়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) শরণাপন্ন হয়। সেখানে তাৎক্ষণিক সমাধান না পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানা পুলিশের কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করে রাতের মধ্যেই প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এদিকে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

 

জেলা প্রশাসনের তথ্যমতে, এ বছর গাইবান্ধা জেলায় মোট ৬৮টি কেন্দ্রে ৩৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ২৬ হাজার ২১ জন এসএসসি, ২ হাজার ৫৯৮ জন এসএসসি ও দাখিল (ভোক) এবং ৫ হাজার ৯০৮ জন দাখিল পরীক্ষার্থী রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন