ইরানের জাঞ্জান প্রদেশে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্র অংশ বা বোম্বেট, কয়েক ডজন অবিস্ফোরিত রকেট-ক্ষেপণাস্ত্র এবং বিপুল সংখ্যক ভারী অস্ত্র শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর মধ্যে ২ হাজার পাউন্ড ওজনের তিনটি মার্কিন জিবিইউ-৫৭ বাঙ্কারবিধ্বংসী বোমাও রয়েছে।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আইআরজিসির জনসংযোগ দপ্তরের বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো আগ্রাসনের পর চলমান যুদ্ধবিরতিতে সেখানে পড়ে থাকা অবিস্ফোরিত এসব অস্ত্র ও গোলাবারুদ অপসারণ করতে আইআরজিসির বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো এ অভিযান পরিচালনা করে।
মূলত চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়। আইআরজিসি জানায়, নিষ্ক্রিয় করা ৯ হাজার ৫০০টির বেশি বোম্বেট শত্রুদের এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল।
উদ্ধারকৃত অন্যান্য অস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের অবিস্ফোরিত রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে মোট ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে এবং ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ধারের মধ্যে ছিল তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ-৫৭ বাঙ্কারবিধ্বংসী বোমা, যা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এছাড়া একই ধরনের আরও একটি বাঙ্কারবিধ্বংসী বোমা, ৫০০ পাউন্ড ওজনের একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি জিবি-৩৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করে পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আইআরজিসি নিশ্চিত করেছে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি
ডিবিসি/এএমটি