জেলার সংবাদ

'অবৈধভাবে বালুমহাল ও ঘাট দখলসহ কোনো অনিয়ম সহ্য করা হবে না'

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবৈধভাবে বালুমহাল ও ঘাট দখলসহ কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সোমবার সকালে জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, বিগত সরকার ১০ টাকা কেজি দরে চাল ও ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষ বাস্তবে তা দেখেনি। যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে বালুমহাল ও ঘাট দখলসহ কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এমনকি দলের (বিএনপি) কেউ বা প্রশাসনের কোনো ব্যক্তি এসব অবৈধ বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন, দল বা সাধারণ মানুষ- সবাইকেই আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

 

খাল খননের অতীত স্মৃতিচারণ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সময়ে মাগুরায় এসে শ্রমিকদের সঙ্গে নিজে খালে নেমে মাটি কেটেছিলেন। তার দেখানো পথে হেঁটে দেশের কৃষিকে এগিয়ে নিতে বর্তমান প্রধানমন্ত্রীও এই খাল খনন কর্মসূচি চালু করেছেন।

 

আলোচনা শেষে মন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট ১০৯টি খাল রয়েছে। এর মধ্যে চলতি বছরের জুন মাসের মধ্যে ১৬টি খালের প্রায় ২২ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন