কর্মশালার অভিমত

অভিনব নকশার পাটপণ্যই পারে রপ্তানি বাজারে শক্ত অবস্থান গড়তে

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রপ্তানি বাজারে সফলভাবে কাজ করার জন্য পণ্যের যুগোপযোগী ও উদ্ভাবনী ডিজাইনের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক বাজারের ক্রেতারা এখন শুধু পণ্য কেনেন না বরং পণ্যের গুণগত মানের পাশাপাশি এর উপস্থাপন, ডিজাইন, রঙ, ব্যবহারিক দিক এবং আধুনিকতার প্রতিফলনও গভীরভাবে বিবেচনা করেন। তাই আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে উদ্যোক্তাদের ডিজাইন বিষয়ে উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ কর্মশালা।

গত ৯ মে থেকে ১৬ মে পর্যন্ত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুর নাসের খান, জেডিপিসি'র এমডি জাহিদ হোসেন এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের রাজ্জাকুল ইসলাম।

 

কর্মশালায় বক্তারা জানান, একজন উদ্যোক্তার সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং যুগোপযোগী ডিজাইন আন্তর্জাতিক বাজারে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে। একটি ভালো ডিজাইন শুধু পণ্যের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং ক্রেতার আগ্রহ তৈরি করে বাজার সম্প্রসারণে সহায়তা করে এবং পণ্যের বাণিজ্যিক মূল্য বহুগুণ বাড়িয়ে দেয়। তাই বর্তমানে ডিজাইনকে শুধুমাত্র একটি শিল্প নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করা হয়।

 

বাংলাদেশের বহুমুখী পাটপণ্যের ডিজাইন ডেভেলপমেন্টে প্রাতিষ্ঠানিক উদ্যোগের অভাবের কথা তুলে ধরে আয়োজকরা জানান, এ খাতে রপ্তানিকারকদের অধিকাংশই ব্যক্তিগত উদ্যোগ, অভিজ্ঞতা এবং সীমিত সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে গবেষণানির্ভর, আধুনিক ও বাজারমুখী ডিজাইন উন্নয়নের বিকল্প নেই। মূলত এই বাস্তবতাকে সামনে রেখেই নতুন ও স্থানীয় বাজারের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

 

দেশের স্বনামধন্য ৩ জন ডিজাইনারের নেতৃত্বে পরিচালিত এই কর্মশালায় মোট ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজার সম্পর্কে সঠিক দিকনির্দেশনা, জ্ঞান ও আত্মবিশ্বাস অর্জন করেছেন। এর মাধ্যমে তারা রপ্তানি বাজার সম্প্রসারণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন এবং বাংলাদেশের পাটপণ্যকে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। 

 

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিজাইনার কোহিনুর বেগম, শিল্পী শৈবাল সাহা, নেদারল্যান্ডসভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘পাম’-এর বাংলাদেশ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন এবং বাংলাদেশ বহুমুখী পাটজাতপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন