খেলাধুলা, ফুটবল

অভিষেকেই জোড়া গোল হামজার, তবু হার বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্মিংহাম সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। তবে ম্যাচ শেষে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে মৌসুমপূর্ব সফর শুরু করেছে কাতালানরা। ম্যাচটিতে বার্সার জার্সিতে অনানুষ্ঠানিক অভিষেকেই জোড়া গোল করেন নতুন মুখ হামজা আবদেলকরিম। তবে তার দুর্দান্ত পারফরম্যান্সও দলকে জয় এনে দিতে পারেনি।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া সিনিয়র খেলোয়াড়রা তখনও গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় সেন্ট অ্যান্ড্রুজে কোচ হান্সি ফ্লিক তুলনামূলক অনভিজ্ঞ একাদশ নিয়ে মাঠে নামেন। গ্যালারিতে উপস্থিত ছিলেন বার্মিংহামের সাবেক ফুটবলার জুড বেলিংহাম, যিনি নিজের পুরোনো ক্লাবের ম্যাচ উপভোগ করতে এসেছিলেন।

 

এই ম্যাচে বার্সেলোনার প্রথম দলের হয়ে অনানুষ্ঠানিক অভিষেক হয় সদ্য বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসা করিম আদেয়েমি, আক্রমণাত্মক মিডফিল্ডার এব্রিমা তুনকারা, সাবেক বার্সা তারকা প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে শেন ক্লুইভার্ট এবং আল আহলি থেকে যোগ দেওয়া হামজা আবদেলকরিমের।

 

৩১তম মিনিটে প্রিসকের হেড থেকে গোল করে এগিয়ে যায় বার্মিংহাম সিটি। তবে প্রথমার্ধের শেষ দিকে বক্সের ভেতরে হামজাকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। ৪২তম মিনিটে স্পট কিক থেকে আত্মবিশ্বাসী শটে গোল করে সমতা ফেরান মিসরীয় ফরোয়ার্ড হামজা।

 

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। ম্যাচের ৬০তম মিনিটে রুনি বারজির শট গোলরক্ষকের হাত ফসকে গেলে সুযোগ লুফে নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন হামজা। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্লাউগ্রানারা।

 

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৬৯তম মিনিটে জন সলিস গোল করে বার্মিংহামকে সমতায় ফেরান। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো দলই জালের দেখা না পাওয়ায় ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

 

প্রাক-মৌসুমের সূচি অনুযায়ী ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকার। সেখানে দুই গোলরক্ষকই ছিলেন দারুণ ছন্দে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিক বার্মিংহাম সিটি। ফলে টাইব্রেকারে হার দিয়েই নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করল হান্সি ফ্লিকের বার্সেলোনা।

ডিবিসি/আরএফই

আরও পড়ুন