ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক ও সামুদ্রিক নিষেধাজ্ঞায় তেহরানের চেয়ে ওয়াশিংটনেরই বেশি অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি জানিয়েছেন, ইরানের অর্থনীতিতে এক ডলারের ক্ষতি করতে গেলে যুক্তরাষ্ট্রকে নিজেদের কয়েক গুণ বেশি অর্থ ব্যয় ও ক্ষতির সম্মুখীন হতে হবে।
ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মোহেবি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে নতিস্বীকারে বাধ্য করার যে ধারণা পোষণ করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তা সমর্থন করছে না।
আইআরজিসির এই মুখপাত্র আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিপুল পরিমাণ ঋণের বোঝায় জর্জরিত এবং চীনের মতো বিশ্বের অন্যান্য বৃহৎ অর্থনীতির সঙ্গে তাদের তীব্র প্রতিযোগিতা চলছে। এমন বৈশ্বিক বাস্তবতায় ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন কোনোভাবেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।
ডিবিসি/এফএইচআর