আন্তর্জাতিক

অর্থ লেনদেন বিতর্কে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অর্থ লেনদেন এবং স্বার্থের সংঘাত নিয়ে তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। আজ বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। হিমালয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তদন্তের নিরপেক্ষতা বজায় রাখা এবং নৈতিক অবস্থান থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে সুদান গুরুং বলেন, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্ব পালনকালে যেন কোনো স্বার্থের সংঘাত তৈরি না হয়, সে কারণেই তিনি সরে দাঁড়াচ্ছেন। তিনি জোর দিয়ে বলেন, তার কাছে পদের চেয়ে নৈতিকতা এবং জনআস্থার গুরুত্ব অনেক বেশি।

 

এই বিতর্কের মূলে রয়েছে 'স্টার মাইক্রো ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড'-এ গুরুংয়ের শেয়ার বিনিয়োগ। ওই প্রতিষ্ঠানে অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত দীপক ভাট্টা এবং ব্যবসায়ী সুলভ আগারওয়ালও অংশীদার হিসেবে রয়েছেন। প্রতিষ্ঠানটির প্রাথমিক শেয়ার তালিকায় গুরুংয়ের নাম ৪৯ নম্বরে রয়েছে, যেখানে তার বিনিয়োগের পরিমাণ ২৫ লাখ রুপি।

 

সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে সরকারি সম্পদ বিবরণীতে এই শেয়ারের তথ্য গোপন করার অভিযোগ ওঠে। তবে গুরুং এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার ২ কোটি রুপির বেশি শেয়ার বিনিয়োগের তথ্য মন্ত্রিপরিষদ ওয়েবসাইটের সম্পদ বিবরণীতে স্পষ্টভাবে উল্লেখ আছে। তিনি আরও জানান, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর একটি লিখিত চুক্তির মাধ্যমে ঋণ নিয়ে এই বিনিয়োগ করা হয়েছিল এবং সমস্ত লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই সম্পন্ন হয়েছে।

 

তবে তার দেওয়া এই ব্যাখ্যার পরেও রাজনৈতিক পরিস্থিতি শান্ত হয়নি। প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্ক্সিস্ট এন্ড লেনিনিস্ট) তার পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে অনড় থাকলে শেষ পর্যন্ত তিনি পদ ছাড়তে বাধ্য হন।

 

সূত্র: ইন্ডিয়া টুডেই

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন