বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার (ওয়াডা) সাথে মার্কিন প্রশাসনের দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ওয়াডার প্রস্তাবিত একটি নতুন নিয়ম বাস্তবায়িত হলে আয়োজক দেশের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও ট্রাম্প কোনো ইভেন্টে উপস্থিত থাকতে পারবেন না। এমনকি এই নিয়মের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপেও।
মূলত ওয়াডার বার্ষিক চাঁদা পরিশোধ না করা নিয়ে এই জটিলতার সূত্রপাত। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় থেকে শুরু হওয়া এই অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত বজায় রেখেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পও। চীনের ২৩ জন সাঁতারুর ডোপিং পজিটিভ হওয়ার বিষয়টি গোপন করার অভিযোগে ওয়াডার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ২০২৪ ও ২০২৫ সালের সদস্যপদ ফি আটকে দেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে সংস্থাটির কাছে দেশটির বকেয়া ৭৩ লাখ ডলার ছাড়িয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ট্রাম্প একটি আইনে স্বাক্ষর করে ওয়াডাকে অর্থ প্রদান স্থায়ীভাবে বন্ধ করে দেন।
বার্তাসংস্থা এপির তথ্যমতে, আগামী মঙ্গলবার ওয়াডার সভায় বকেয়া পরিশোধ না করা দেশগুলোর সরকারি প্রতিনিধিদের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং ওয়াডা এরই মধ্যে সতর্ক করেছে যে, ডোপিংবিরোধী নীতিমালা অমান্য করলে ২০৩৪ সালের শীতকালীন অলিম্পিক যুক্তরাষ্ট্রের ইউটা থেকে সরিয়ে নেওয়া হতে পারে। চাপের মুখে ইউটা কর্তৃপক্ষ আইওসির 'বাতিলকরণ শর্তে' স্বাক্ষর করতে বাধ্য হয়েছে।
তবে ওয়াডার সাবেক কার্যনির্বাহী সদস্য রাহুল গুপ্ত এই পদক্ষেপকে বাস্তবসম্মত মনে করছেন না। তাঁর মতে, সামান্য বাজেটের একটি সুইজারল্যান্ডভিত্তিক ফাউন্ডেশন কর্তৃক মার্কিন প্রেসিডেন্টের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপের ধারণাটি হাস্যকর এবং এটি কার্যকর করার কোনো সুনির্দিষ্ট উপায় বা সক্ষমতা ওয়াডার নেই।
সূত্র: সিবিসি
ডিবিসি/পিআরএএন