বিবিধ

অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ীদের ১০০% স্কলারশিপ দেবে ইউসিএসআই ইউনিভার্সিটি

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়া প্যাসিফিক জুনিয়র ইনফরমেটিক্স অলিম্পিয়াড (এপিওএআই) ২০২৬-এ স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

শনিবার (৪ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়টির হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আট সদস্যের বাংলাদেশ দলকে সম্মাননা সনদ ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রভোস্ট মেজর (অব.) সুমন সুবহান এবং বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টস-এর ডিন ড. জোহা রহমান।

 

সিঙ্গাপুর, জাপান, চীন ও মালয়েশিয়াসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৮টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিতেছেন লাবিব শাহরিয়ার, সাইদুজ্জামান আরাফ ও ত্রিদিব রায় অর্জ। ইউনিভার্সিটির পক্ষ থেকে এই তিনজনকে সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীরা তাদের সাফল্যের গল্প তুলে ধরেন এবং দলের কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিজ প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে ইউসিএসআই ইউনিভার্সিটির প্রভোস্ট মেজর (অব.) সুমন সুবহান বিজয়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি ঘোষণা করেন, এই বিজয়ী শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ভর্তি হতে চাইলে তাদের ১০০% স্কলারশিপ প্রদান করা হবে। 

 

ড. জোহা রহমান বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন পুরো দেশকে সম্মানিত করেছে এবং এই মেধাবীরাই ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তিখাতের নেতৃত্ব দেবেন। এমন প্রতিভাবান শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন