জেলার সংবাদ

অল্প দিনের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘তিস্তা নদী নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে। আমরা আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন দেশের কাছ থেকেও পরামর্শ নিচ্ছি। তবে বড় একটি প্রকল্প একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস; আমাদের কিছুদিন সময় দিন। অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের কাজ পাইলট ভিত্তিতে হলেও শুরু করব।’

শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজিবপুর উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে চিলমারী বন্দর এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও জানান, চিলমারী বন্দরসহ এ অঞ্চলের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

 

তিনি বলেন, ‘এসব প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা এবং তা কত দ্রুত বাস্তবায়ন করা যায় যাতে এখানকার মানুষের ঘরবাড়ি, হাট-বাজার, মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন না হয় সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আমরা এখানে এসেছি।’ নদীভাঙন প্রতিরোধে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হবে না বলেও জোর দেন তিনি।

 

তিনি আরও জানান, কুড়িগ্রামে বর্তমানে প্রায় একশতটি নদীভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে। এ ছাড়া যেখানে প্রয়োজন, সেখানেই ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে। এ সফর শেষে মন্ত্রী গাইবান্ধায় বিশ্বব্যাংকের দুটি প্রকল্প পরিদর্শনে যাবেন বলেও জানান।

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মাহবুব সালেহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) মো. রুহুল আমিন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

 

ডিবিসি/এমএনকে

 

 

আরও পড়ুন